*

দিগদর্শন ওয়েব ডেস্ক : কিছুদিন আগে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন , তাঁদের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ফরোয়ার্ড ব্লকের গুন্ডারা মাথা ফাটিয়ে দিয়েছিল। দিনকয়েক আগে কোচবিহারের স্বঘোষিত রাজবংশী অনন্ত মহারাজ বলেছেন, নেতাজি ব্রিটিশের সেনাদের নেতা। দেশ স্বাধীন করেছেন কোচবিহারের রাজ বংশী মহারাজা। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সারা ভারত ফরোয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটি কলকাতার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জি দেবরাজন, উত্তরবঙ্গের নেতা ও প্রাক্তন সাংসদ গোবিন্দ রায় ও অন্যান্যরা। দেবরাজন বলেন, বিজেপি রাজ্য নেতাদের অবিবেচক মন্তব্যের বিরুদ্ধে ফরোয়ার্ড ব্লক বিজেপি কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনকে একটি চিঠিতে জানিয়েছে , এই নেতারা মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
গোবিন্দ রায় বলেন, কথা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নেতাজির সহকর্মীদের গুণ্ডা বলেছেন, তাঁরা কারা? হেমন্ত বোস, হরেন ঘোষ, অনিল রায় , লীলা রায় । এঁরা কি গুণ্ডা?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবরাজন জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বলেছেন আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব বলেছেন স্বামীজি। আসলে বিতর্কিত কথা বলে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করাই লক্ষ্য। সব দলের নেতাদের কর্তব্য নিজেদের আদর্শের নেতাদের মহিমান্বিত করা। কিন্তু তার মানে এই নয়, যে অন্য কাউকে কলঙ্কিত করতে হবে। বিজেপি যদি এই বিষয়ে ব্যবস্থা না দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
