
✧
দিগদর্শন ওয়েব ডেস্ক: ননসেন্স ছড়াকার , লেখক, শিল্পী সুকুমার রায়ের গঙ্গারাম ছিল বেজায় কালো, উনিশবার ম্যাট্রিক ফেল। গরীব বেজায়, কষ্টেসৃষ্টে দিন চলে যায়। কিন্তু ২১ শতাব্দীর যে গঙ্গারামকে নাট্যকার সুরঞ্জনা ঘটক ও নির্দেশক পঙ্কজ মুন্সী সমীক্ষণ প্রযোজিত এবং গঙ্গারাম নাটকে হাজির করেছেন, সে গঙ্গারাম ম্যাট্রিক নয়,১৯ টি চাকরিতে ইন্টারভিউ দিয়ে ফেল করেছে। অবশ্যই গরীব। ফুড ডেলিভারির এক ইঁদুর দৌড়ের পেশায় থেকে বিয়ে করে ডিভোর্সী এক কন্যার মা রেনেসাঁকে।

ছোট ছোট কিছু আশা,কিছু ভালোবাসা নিয়ে একটু সুখ চেয়েছিল। কিন্তু আধুনিক বর্ণিত ব্যবস্থার শিকার হয়ে গঙ্গারামের গঙ্গাপ্রাপ্তি ঘটল। ক্ষয়িষ্ণু জীবনবোধ যখন ব্যক্তিস্বার্থের রাজনীতির হাঁড়িকাঠে বলি হয় তখন মানুষ যেন না -মানুষের যুগের ফিরেই যায়। টুকরো টুকরো গল্পে সেই ছবিটা ফুটে উঠেছে এবং গঙ্গারাম নাটকে।

নাটকের চরিত্রলিপিতে ছিলেন সুজিত মুন্সী, দীপঙ্কর চ্যাটার্জি, রবীন বোস, শেখর বেরা, কৌস্তুভ চৌধুরী , অনুপ, পম চ্যাটার্জি, বীরেন নাথ, সৌগতা হাওলি, আরাধ্যা, অমরনাথ উপাধ্যায়, স্বপ্না বোস সুরঞ্জনা ঘটক / মোনালিসা অধিকারী। মঞ্চ সজ্জায় বিলু দত্ত, আলো সোমনাথ চ্যাটার্জি, সঙ্গীত সহায়তায় সুশান্তর অধিকারী , দলের পৃষ্ঠপোষক তপতী মুন্সী ও স্বপন ঘোষ। সহকারী নির্দেশক সমীর চন্দ ও শেখর বেরা। দলগত উপস্থাপনায় নাটকের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক। কিন্তু কাহিনীর একাংশে যেখানে নায়িকার বন্ধুরা নায়িকার জন্মদিনে গাছের চারা নায়িকার বাড়ির বাগানে রোপণ করতে যাচ্ছে, নায়িকা তাঁদের সঙ্গে যাচ্ছে না। এটি কিন্তু যৌক্তিকতার নিরিখে প্রশ্নবোধক চিহ্নের অবতারণা করে।
