*

দিগদর্শন ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় অত্যন্ত শক্তিশালী, উন্নত ও আধুনিক নগর পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হল এক্সট্রিম মিডিয়া ও পেক্সোরা। এক্সট্রিম মিডিয়া হল ভারতের বৃহত্তম এলইডি পর্দা ও ইলেকট্রনিক প্রদর্শন ব্যবস্থার মূল উৎপাদনকারী সংস্থা এবং পেক্সোরা হল সেই প্রযুক্তি ও ডিজিটাল বিজ্ঞাপনকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য তার অন্যতম সহযোগী । পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়ন ও ডিজিটাল পরিকাঠামোর চিন্তাকে বাস্তবায়িত করে তুলতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এক্সট্রিম মিডিয়া ও পেক্সোরা।

পশ্চিমবঙ্গের যোগাযোগ ও বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে যা প্রচলিত স্থির বিজ্ঞাপন কাঠামোর পরিবর্তে আধুনিক গতিশীল ও কার্যকর হবে এবং একই সাথে নগর আধুনিকীকরণের বৃহত্তর পরিকল্পনার বাস্তব রূপায়ণ করা হবে।উদ্যোগটির ঘোষণা উপলক্ষে উপস্থিত ছিলেন পেক্সোরার নীতিন জৈন, সৌরভ আগরওয়াল এবং এক্সট্রিম মিডিয়ার সংকেত রামভিয়া।
এক্সট্রিম মিডিয়া ও পেক্সোরার এই উদ্যোগের ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীতিন জৈন। তিনি বলেন, তাদের আত্মবিশ্বাস রয়েছে পশ্চিমবঙ্গের ও শহরের সৌন্দর্য বৃদ্ধি ,পর্যটনের প্রসার এবং সার্বিকভাবে ডিজিটাল ব্যবস্থা আধুনিকীকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং নগরোন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা কার্যকর হবে।

সংকেত রামভিয়ার বক্তব্য ছিল, এই উদ্যোগ উন্নত প্রযুক্তি, গণমাধ্যম ও পরিকাঠামোর সমন্বয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে আরও আধুনিক ভবিষ্যৎ মুখী ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে। ডিজিটাল প্রদর্শন ব্যবস্থা অবশ্যই বর্তমান বিজ্ঞাপন ব্যবস্থার তুলনায় পরিবেশবান্ধব, সাশ্রয়ী।
এক্সট্রিম মিডিয়া ও পেক্সোরা সম্প্রতি কলকাতায় তাদের প্রদর্শন ও অভিজ্ঞতা কেন্দ্র চালু করবে। এই কেন্দ্র ডিজিটাল পরিকাঠামোর নির্বিঘ্ন বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে বলে আশা করা যায়।
