*

দিগদর্শন ওয়েব ডেস্ক: বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রকাশ হাজরা জানিয়েছিলেন ,রোগীদের কেউ তাঁর কাছে চিকিৎসার জন্য এলে জয় শ্রীরাম বললে তিনি তাঁর ফি ৫০০ টাকা কম নেবেন। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে ডা: হাজরা জানান রামচন্দ্রের সঙ্গে মা দুর্গা বললে ১০০০ টাকা এবং শ্রীরাম, দুর্গা ও কালী বললে ১৫০০ টাকা ছাড় দেবেন। এসব ভোটের আগের কথা।

বাংলা যখন গৈরিক বর্ণে বদলে গেল , ডা: হাজরা গড়ে তুললেন সনাতনী স্বাস্থ্য সেনা। স্বাস্থ্য সহায়তা সঙ্গে দেশপ্রেম এই আদর্শে সংগঠন গড়ার কথা কলকাতা প্রেস ক্লাবে আগেই জানিয়েছিলেন ডা: হাজরা। গত রবিবার কলকাতা ইস্টার্ন বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। সংগঠনের পক্ষে ডা: হাজরা জানালেন, রোগী ও তাঁর পরিজনদের হাসপাতাল, চিকিৎসা ও ভর্তির ব্যাপারে সহযোগিতা করার জন্য হেল্পলাইন চালু হচ্ছে।


এদিনের অনুষ্ঠানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু চিকিৎসক, চিকিৎসাকর্মী যোগ দেন। রাষ্ট্রবাদী সংগঠনের দাবির সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা ও নার্সিং পড়ুয়ারাও। অনুষ্ঠানে কার্তিক মহারাজ, বিধায়ক সজল ঘোষ ছাড়াও বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে হাজির ছিলেন সংগঠন সম্পাদক দীপঙ্কর দেবনাথ, মধুরিমা মাইতি, সুনীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপকুমার ঘোষ , অরবিন্দ সরকার, অসীম সরকার প্রমুখ। দক্ষিণ ভারতে চিকিৎসার প্রয়োজনে বাংলার মানুষদের যাতে যেতে না হয় তাই কলকাতায় গড়ে উঠতে চলেছে পাঁচহাজার কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল।
