
******
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেল জয় নাগের হিন্দি ভজন। সন্ত কবীরের লেখা ভজোভাইয়া রাম গোবিন্দ হরি। এই ভজন গানের ভুয়সী প্রশংসা করেছেন ভজন সম্রাট অনুপ জালোটা, প্রভাতী মুখোপাধ্যায় কবি জয় গোস্বামী প্রমুখ।নানা আঙ্গিকের গানে স্বচ্ছন্দ জয়া পুরুলিয়ায় মায়ের হাতে প্রথম তালিম। শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা পণ্ডিত যশরাজজী’র কাছে। পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের কাছে নিয়েছেন পাতিয়ালা ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত। রবীন্দ্র সঙ্গীত শেখা প্রমিতা মল্লিকের কাছে। কৃষ্ণা মজুমদারের কাছে শিখেছেন নজরুলগীতি। তিন কবির গান শিক্ষা নূপুর ছন্দা ঘোষের কাছে। আধুনিক গানের তালিম নিচ্ছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলির কাছে।গুরু মা পিয়ালী চৌধুরী শিখিয়েছেন ভজন সহ বেনারস ঘরানার সংগীত। সংগীত পরিবেশনের প্রযুক্তিগত জ্ঞান আরোহণ করেছেন দেবজ্যোতি মিশ্রের কাছে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে জয়া সিভিল ইঞ্জিনিয়ারিং এ এম টেক। গান ছাড়াও পিয়ানো, মেলোডিকা তাঁর প্রিয় বাদ্যযন্ত্র। তাঁর নিজের গানের দল মৃত্তিকা। নিজের কথা ও সুরে প্রকাশ করেছেন শিল্পী দুটি আধুনিক গানের এ্যালবাম।২০১৪ সালে জয়া নাগের কথা ও সুরে চিরাগ একটি হিন্দি গান প্রকাশ করেছেন। জয়ার গানের প্রশংসা করেছেন কিরণ বেদি, কবীর সুমন এবং কল্যাণ সেন বরাট। সাম্প্রতিক প্রকাশিত ভজন গানের জন্য শিল্পী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ড: উপালি চট্টোপাধ্যায় ও গুরু মা পিয়ালী চৌধুরী সাহস জুগিয়েছেন রেকর্ড করার ক্ষেত্রে। সঙ্গীত সাধিকা উপালি চট্টোপাধ্যায়ের সংগীতায়োজন ও পরিচালনায় আগামী দিনে আরও কিছু ভক্তিগীতি, ভজন ও অন্যধারার গান রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলেন গায়িকা জয়া নাগ।
