
***
দিগদর্শন ওয়েব ডেস্ক: মধ্য কলকাতার মৌলালি অঞ্চলে ক্যালকাটা বয়েজ স্কুল এক ঐতিহ্যের পথ বেয়ে সার্ধশতবর্ষের দোরগোড়ায়। ৭ মার্চ ২০২৬ এ স্কুল প্রাঙ্গণে পালিত হলো ১৪৯ তম প্রতিষ্ঠা দিবস। শনিবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন সি বি এস পরিবারের সদস্য, ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট কিছু ব্যাক্তিত্ব।

অনুষ্ঠানের শুরু স্মারক স্তম্ভে স্মৃতি ফুল অর্পণ করেন রেভ কে সর্দার, রেভ রোশন হাঁসদা, সুচিতা লাল ও আকতারুল ইসলাম সহ অন্যান্যরা। এরপর প্রার্থনাসঙ্গীত নিবেদন করে স্কুলের ছাত্ররা। ক্যালকাটা বয়েজ স্কুলের অধ্যক্ষ এবং সেক্রেটারি রাজা ম্যাকগি তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠান গত ১৪৮ বছর ধরে শিক্ষার সামাজিক কর্তব্য হিসেবে সাফল্যের সঙ্গে পালন করে আসছে। স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে তিন ব্যক্তিত্বের পদক্ষেপকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জে এম থবুরন, রেভ জি হেন্ডারসন, বিশপ এফ ডব্লিউ ওয়ার্ন এবং স্যার আর লেইডলাউ যে মহান আদর্শ নিয়ে কলকাতায় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মৌলালির স্কুল প্রাঙ্গণে যোগ দেন রাজ্যের অন্য শাখা স্কুলের ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা।
প্রাক্তন ছাত্ররা স্কুলের ক্লাস পরিদর্শন করে নস্টালজিক হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষে ফেলোশিপ এক ডিনারে যোগদান করেন আমন্ত্রিতরা। স্কুলের ঐতিহ্য ও উত্তরাধিকারের সাফল্যকে প্রতিফলিত করে ভবিষ্যত প্রজন্ম বাংলার শিক্ষা জগতে এক নজির সৃষ্টি করে চলেছে।
