পিতা- পুত্রের মানবিক সম্পর্কের ছবি ডেভিড প্রযোজনা করলেন অনাবাসী কমল নন্দী

***

দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতা প্রেস ক্লাবে অনাবাসী বাঙালি কমল নন্দী সাংবাদিকদের সঙ্গে পরিচিত হয়ে তাঁর সদ্য মুক্তি আসন্ন বাংলা ছবি ডেভিড – কয়েকজন শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ট্রেলার মুক্তি ঘটালেন। কলকাতায় জন্ম হলেও প্রযোজক কমল নন্দীর ছোটবেলা কেটেছে মুম্বাই নগরীতে। ছোট থেকেই সিনেমায় অভিনয় ছিল ইচ্ছে। পড়াশুনো শেষ করে প্রয়াত শক্তি সামন্তের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে কয়েকটি ছবিতে অভিনয়। দেব আনন্দ থেকে রাজেশ খান্না। অনেকেরই সহযোগী শিল্পী ছিলেন কমল নন্দী।

কিন্তু সাধ ও সাধ্যের লড়াইতে পিছু হটতে হয়। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রা। হেলায় লঙ্কা জয় না হলেও জীবন সায়াহ্নে এসেও সেদিনের সুপ্ত বাসনার বিকাশে ছোট ছোট শর্ট ফিল্ম প্রযোজনা করেছেন। সঙ্গী পেয়েছেন চিত্রনাট্যকার ও পরিচালক হীরককে। ডেভিড ছবি দিয়ে সেই স্বপ্নের বাস্তবতাকে মাত্রা দিয়েছেন।

মূলত বাবা ছেলের ভালবাসা ও স্নেহের সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। দুর্ঘটনায় ছেলে কোমায় আক্রান্ত। দীর্ঘদিনের সেই যন্ত্রণা থেকে ছেলেকে মুক্তি দেন বাবা ডেভিড। তারপর? বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়েন বাবা। অপরাধের পিচ্ছিল পথে। সেখান থেকে উত্তরণ কি হয়েছিল? এসবের উত্তর মিলবে ছবিতে।

ছবির বিভিন্ন চরিত্রে আছেন শিবানী সংহিতা, প্রকাশ রাই, রেশমি ,চঞ্চল দাস, পিটার, কল্লোল বসু, তিয়াশা দেবী ও অনামিকা সহ আরও অনেকে। ছবির চিত্রগ্রাহক অনিরুদ্ধ মণ্ডল, সম্পাদনায় অভিজিৎ মালো। সহকারী পরিচালক রাজদীপ। অপূর্ব ব্যানার্জির সুরে ছবির দুটি গানে কন্ঠ দিয়েছেন ইন্দ্রনীল ও অনন্যা। বিশ্ব পরিবেশনার দায়িত্বে অভিনেতা রঞ্জন ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *