*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ২০১৯ এ পথচলা শুরু। হরিয়ানভী , রাজস্থানী, ভোজপুরি মারাঠি ও গুজরাটি ভাষার ও টি টি সিরিজ প্রযোজনায় অসামান্য সাফল্যের পর এবার বাংলায় পা রাখল স্টেজ অ্যাপ।১৬ জুলাই মুক্তি পেতে চলেছে সংস্থার প্রথম নিবেদন দহন। কাহিনীকার নৈঋতা চক্রবর্তী। তিনি এই সিরিজের সৃজনী প্রযোজকও বটে। সংলাপ ও চিত্রনাট্য দিয়ে সিরিজের প্রথম কাহিনী দহনকে পূর্ণতা দিয়েছেন সুদীপ দাস। পরিচালক শুভেন্দু চক্রবর্তী। পরিচালক ইতিমধ্যে মহাপীঠ তারাপীঠ ভজ গোবিন্দ ,লালকুঠি ও বোধীসত্ত্বের বোধবুদ্ধি নির্মাণ করে প্রশংসিত হয়েছেন।
দহন প্রযোজনাটির শিল্পী তালিকায় আছেন, সিদ্ধার্থ সেন, অ্যানমেরি টম শুভশ্রী চক্রবর্তী পূজা সরকার, সুচন্দ্রা চৌধুরী অরিত্রা ভট্টাচার্য মণিকা দে, মণীশ চক্রবর্তী রূপম সিংহ, মৌমিতা পাঁজা, সঞ্চারী মুখার্জি, ঐশ্বর্যা চক্রবর্তী, রূপম মণ্ডল। বিশেষ ভূমিকায় চন্দ্রনিভ মুখোপাধ্যায়।

বাইপাসের ধারে এক ক্যাফেতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্টেজ অ্যাপের পক্ষে অর্চিষ্মান সিনহা জানালেন, মুষ্টিমেয় কিছু শিল্পী কলাকুশলীদের নিয়ে কয়েকটি পেশাদার গোষ্ঠী বাংলা ও টি টি প্ল্যাটফর্ম কুক্ষিগত করে রেখেছে। ফলে বাংলায় বহু সম্ভাবনাময় শিল্পী কলাকুশলী সুযোগের অপেক্ষায় পিছিয়ে পড়ছেন । স্টেজ অ্যাপের সহযোগী প্রতিষ্ঠাতা প্রবীন সিংহল অন্যান্য ভাষারপাশাপাশি দেশের অন্যতম প্রথম সারির বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছেন। আগামী দিনে বাংলার মাটির গন্ধ মাখা সাহিত্যনির্ভর প্রযোজনা নিবেদন করাই স্টেজ অ্যাপের লক্ষ্য। রাজ্যের নবীন প্রতিভা অনুসন্ধানও এই অ্যাপের লক্ষ্য।
দহন কাহিনীটি গড়ে উঠেছে উত্তর কলকাতার এক প্রাচীন বাড়ির কক্ষপথে। ফর্মুলার রীতি মেনে কাহিনীতে থাকছে আবেগ, প্রেম, রহস্য রোমাঞ্চ। পুনর্জন্মের এক কাহিনীতে থাকছে পরতে পরতে আকর্ষণ। স্টেজ অ্যাপে ১৬ জুলাই মুক্তি পেতে চলেছে দহন। অনুষ্ঠানে ছবির একটি ট্রেলার এবং অ্যাপের একটি টিজারও প্রদর্শিত হয়।
