
দিগদর্শন ওয়েব ডেস্ক: রবিবার সকালে দক্ষিণ কলকাতায় প্রান্তিক অঞ্চল পৈলানে শিশু সুরক্ষা সংগঠন চাইল্ড ইন নিড ইনস্টিটিউশন ( সিনি) পালন করল সংগঠনের ৫২ তম প্রতিষ্ঠা দিবস। প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এক ভিন্ন ধারার স্কুল সিরিল একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিশ দিবসে উপস্থিত ছিলেন ভারতের চার রাজ্যের চার কিশোর-কিশোরী। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারম্যান তুলিকা দাস ও উপদেষ্টা অনন্যা চক্রবর্তী চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা।
সিনি গত ৫২ বছর ধরে মা, শিশু ও কিশোর- কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা , সুরক্ষা ও পরিবেশ নিয়ে দেশের আটটি রাজ্যের এককোটি মানুষের সঙ্গে যুক্ত। সংগঠনের সি ই ও ড: ইন্দ্রানী ভট্টাচার্য এই বছরের প্রতিষ্ঠাদিবসে প্রতিরক্ষামূলক আরোগ্য বিধি নিয়ে নতুন উদ্যোগ শুভায়ু’ উদ্বোধন করে বলেন, অসংক্রামক রোগের বাড়বাড়ন্তের যুগে এই উদ্যোগ সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে ব্রতী হয়েছে। এদিনের অনুষ্ঠানে সকলের ব্লাড সুগার, প্রেসার ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা পরীক্ষা করার বিনামূল্যের শিবিরের আয়োজন হয়।
এদিনের অনুষ্ঠানে বেশ কিছু সংস্থা ও ব্যক্তিদের সামাজিক অবদানের জন্য সাম্মানিক স্বীকৃতি জানানো হয়। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে ব্রত পালন করেন জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বিডিও ইরফান মোল্লা হোসেন, ওড়িশার পরিবেশবিদ সাত্ত্বিক সোল ফাউন্ডেশনেরকর্ণধার সত্যব্রত শ্যামল, বর্জ্য ফুল নিয়ে সি ই এস সি এবং সিনির সাথে উল্লেখযোগ্য কাজের জন্য দমদম মিউনিসিপ্যালিটি, শৈশবকালীন মধুমেহ নির্মূলে অসামান্য অবদানের জন্য আরোগ্য ওয়ার্ল্ড, জলে ডুবে যাওয়া থেকে রক্ষা পেতে গঠনমূলক উদ্যোগে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সুন্দরবনের মৈপীঠ গ্রাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না হালদার ও শিশুদের জলে ডোবা থেকে উদ্ধারকত্রী পনেরো জন কবচ -মাকে পুরষ্কৃত করা হয় সিনির বিগত বর্ষের বার্ষিক রিপোর্ট পেশ করেন প্রতিষ্ঠাতা সম্পাদক ডা: সমীর চৌধুরী।
