****

দিগদর্শন ওয়েব ডেস্ক : পাঁচ অঙ্গীকারের ইশতেহার নিয়ে বিশ সাল বাদ কংগ্রেস ২৯৪ আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি বা তৃণমুল নয়, তৃতীয় পথের সন্ধান দেবে কংগ্রেস। মধ্য কলকাতার অফিসপাড়ার ঐতিহ্যমন্ডিত পাঁচতারা হোটেলে আয়োজিত জাতীয় কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এই কথাই জানালেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ। জয়রাম রমেশ আরও বলেন বিজেপি ও তৃণমূল একই অচল পয়সার এপিঠ ওপিঠ। বিজেপির শ্লোগান বাংলার মানুষ কংগ্রেস, বাম , তৃণমূলের ব্যর্থ শাসন দেখেছে। এবার বিজেপিকে সুযোগ দেওয়া উচিত।

জবাবে জয়রাম রমেশ বলেন,বাংলার যে অগ্রগতি হয়েছে, শিল্প হয়েছে,সব হয়েছে কংগ্রেস আমলে। দুর্গাপুর, চিত্তরঞ্জন শিল্প গড়ে ওঠার পেছনে নেহেরুজির অবদান কে অস্বীকার করবে? দলীয় নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের পক্ষে ছিলেন সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ ইশতেহার কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য,সহ্য চেয়ারম্যান অমিতাভ চক্রবর্তী , সংসদ ইশা খানচৌধুরী মিডিয়া সেলের পক্ষে আইনবিদ আশফাক আহমেদ প্রমুখ। ছিলেন উৎসাহী স্থানীয় নেতৃত্ব ও কলকাতার কয়েকজন প্রার্থীও।

দিল্লি থেকে আসেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে, মুখ্য মুখপাত্র জয়রাম রমেশ,সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর,অম্বা প্রসাদ প্রমুখ।
সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি সরাসরি আসাম সফর থেকে কলকাতার বিমানবন্দরে নামেন।স্বভাবতই নির্ধারিত চারটের অনুষ্ঠান শুরু সন্ধে ছ’টায়।রাজ্য সভাপতি ও রাজ্য নেতৃত্বের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রাদেশিক দলীয় ইশতেহারে প্রকাশ করেন কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যের সর্বস্তরের নাগরিকের চাহিদার কথা ওর পূরণ করার অঙ্গীকার থাকলেও মূলত পাঁচটি অঙ্গীকার প্রধানত গুরুত্ব পেয়েছে। ১)মহিলাদের মাসে দু’হাজার টাকা দেওয়ার দুর্গা সম্মান,২)বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে বিধান স্বাস্থ্য সুরক্ষা,যেখানে নাগরিক পিছু দশ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ৩);যুব সম্মান প্রকল্পে এক বছরের মধ্যে সরকারি সব শূণ্য পদে নিয়োগ ৪) স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার আলো প্রকল্পে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন ৫)কৃষক সম্মান প্রকল্পে বছরে ১৫ হাজার টাকা ও মাসে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ।
খরগে বলেন,১৫ বছরের রাজত্বে তৃণমুল দুর্নীতিতে ডুবেছে। শুনেছি মন্ত্রীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। বিজেপি অন্যদিকে ধর্মীয় বিভাজনে আখের গোছাতে চায়। ফলে তৃতীয় বিকল্প একমাত্র কংগ্রেসকে বেছে নিতে অনুরোধ জানাই বাংলার ভোটারদের কাছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল কেরালায়, বাংলায় ইন্ডিয়া জোটের বিরুদ্ধেই লড়ছে কংগ্রেস। এই প্রশ্নের জবাবে খরগে বলেন , জাতীয় প্রশ্নে দেশের একমাত্র শত্রু বিজেপি। তাই আমরা এক জোট। কিন্তু রাজ্য স্তরে জোটের মধ্যে সুশাসনের প্রশ্নে যোগ্যতা প্রমাণের এক প্রতিদ্বন্দ্বিতা থাকা গনতন্ত্রের জন্য অশুভ নয়। কিন্তু বিরোধী ভোট তিন স্তরে ভাগ হলে যে বিজেপির সুবিধে হয় সেই প্রশ্ন এড়িয়ে গেলেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।
